ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে আজ। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ঘোষণা করবে তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি হবে সেলেসাওদের প্রথম বড় টুর্নামেন্টের দল, যা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দল ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় রাত ২টায় (স্থানীয় সময় বিকেল ৫টা) শুরু হবে এই আয়োজন, যা সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন টিভি চ্যানেল ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেল।
এই অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্র, জাপানসহ ১৩টি দেশের সাংবাদিকরা নিবন্ধন করেছেন। আয়োজনস্থলে থাকবে এক হাজার অতিথির বসার ব্যবস্থা, আলাদা প্রেস জোন এবং আধুনিক মিডিয়া সুবিধা।
দল ঘোষণার আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন নেইমারকে ঘিরে। চোট কাটিয়ে ফেরার পর তিনি কি জায়গা পাবেন চূড়ান্ত দলে? সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাশাপাশি এন্দ্রিক, লুকাস পাকেতা ও পেদ্রোর মতো তরুণ-অভিজ্ঞদের জায়গা পাওয়া নিয়েও রয়েছে কৌতূহল।
আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছেন, নেইমারকে নিয়ে সিদ্ধান্ত হবে সম্পূর্ণ পেশাদার মূল্যায়নের ভিত্তিতে। অন্যদিকে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটও স্কোয়াড নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন মরক্কোর বিপক্ষে।