সিলেট টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশন শেষে কিছুটা স্বস্তি, আবার খানিকটা চিন্তাও আছে বাংলাদেশের শিবিরে। শুরুতে দুই উইকেট তুলে নিয়ে দারুণ সম্ভাবনা তৈরি করলেও পরে শান মাসুদ ও বাবর আজমের দৃঢ় জুটিতে ম্যাচে ভালোভাবেই ফিরে এসেছে পাকিস্তান।
দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। তিনি ফেরান ওপেনার আব্দুল্লাহ ফজলকে। ৬ রান করা এই ব্যাটারের ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।
এরপর মিরাজ নিজেই আরেক ওপেনার আজান ওয়াইসকে সাজঘরে ফেরান। ২১ রান করা ওয়াইস এলবিডব্লিউর শিকার হন। আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন।
দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পরই প্রতিরোধ গড়ে তোলেন শান মাসুদ ও বাবর আজম। তৃতীয় উইকেটে এই জুটি ইতোমধ্যে ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছে। মাসুদ ৪১ ও বাবর ২৪ রানে অপরাজিত আছেন।
ম্যাচ জিততে পাকিস্তানের এখনও প্রয়োজন ৩৩৭ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার আরও ৮ উইকেট।