সিলেট টেস্ট এখন রীতিমতো রোমাঞ্চের চূড়ায়। একসময় ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে মনে হলেও শেষ বিকেলে দৃঢ় প্রতিরোধ গড়ে ম্যাচে দারুণভাবে ফিরেছে পাকিস্তান। তবে এখনও এগিয়ে আছে টাইগাররাই। পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট, আর পাকিস্তানের দরকার আরও ১২১ রান।
৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই করেছে পাকিস্তান। শান মাসুদ ৭১, বাবর আজম ৪৭ এবং আঘা সালমান ৭১ রান করে ম্যাচ জমিয়ে তোলেন। তবে সবচেয়ে বেশি ভুগিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে সালমানকে নিয়ে ১৩৪ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান তিনি।
সালমান আউট হওয়ার পর হাসান আলীকেও ফেরান তাইজুল ইসলাম। তবুও পাকিস্তানের আশা বাঁচিয়ে রেখেছেন রিজওয়ান। ১৩৪ বলে ৭৫ রানে অপরাজিত এই উইকেটরক্ষক ব্যাটার এখনও ক্রিজে আছেন বড় হুমকি হয়ে। ৮৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন তাইজুল।
ম্যাচজুড়ে উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। লিটন-শান্তদের স্লেজিং, পাকিস্তানি ব্যাটারদের সময় নেওয়ার চেষ্টা আর মাঠের কথার লড়াই; সব মিলিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে যোগ হয়েছে বাড়তি নাটকীয়তা।
এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের ১৫৯ বলে ১২৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ২৭৮ রান। জবাবে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানের ৩৮ রানে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। টাইগারদের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ২৩৩ বলে ১৩৭ রান করেন মুশফিক। এছাড়া মাহমুদুল হাসান জয় ৫২ ও লিটন দাস ৬৯ রান করেন। বাংলাদেশের ৩৯০ রানে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭।