পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট জিতে শুধু সিরিজই নিজেদের করে নেয়নি বাংলাদেশ, পেয়েছে আরও বড় এক সুখবরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এবার ভারতকেও পেছনে ফেলেছে টাইগাররা।
মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর পর সিলেটেও দাপুটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল আট নম্বরে। প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে আসে ছয়ে। আর সিলেট টেস্ট জয়ের পর ভারতকে টপকে এখন বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে।
২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জিতেছে, একটি হেরেছে এবং একটি ড্র করেছে। শতকরা পয়েন্ট এখন ৫৮.৩৩। অন্যদিকে ভারত ৯ ম্যাচ শেষে জিতেছে ৪টিতে, হেরেছে ৪টিতে এবং একটি ম্যাচ ড্র করেছে। তাদের শতকরা পয়েন্ট ৪৮.১৫, ফলে বাংলাদেশের নিচে নেমে গেছে তারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তিন ম্যাচে যাদের পয়েন্ট ৭৭.৭৮। চার ম্যাচে ৭৫.০০ পয়েন্ট নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। এরপরই অবস্থান বাংলাদেশের।