অ্যাস্টন ভিলার জন্য এটি শুধু একটি শিরোপা নয়, দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাবটি। আর এই জয়ের রাতে আবারও ইউরোপ মাতালেন কোচ উনাই এমেরি।
ইউরোপা লিগে এটি এমেরির পঞ্চম শিরোপা। ইউরোপীয় প্রতিযোগিতায় তার চেয়ে বেশি ট্রফি জিততে পারেননি কোনো কোচ। তার সমান ৫টি শিরোপা আছে কার্লো আনচেলত্তি ও হোসে মরিনহোর। এমেরির তিনটি ট্রফি এসেছে সেভিয়ার হয়ে, আরেকটি ভিয়ারিয়ালের হয়ে।
বুধবার তুপরাস স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় অ্যাস্টন ভিলা। আক্রমণাত্মক ফুটবলে ফ্রেইবুর্গকে চাপে রেখে ৪০ মিনিটে এগিয়ে যায় তারা। কর্নার থেকে ছোট পাসের দারুণ পরিকল্পনায় মরগ্যান রজার্স বক্সের দূর প্রান্তে চমৎকার ক্রস দেন, যেখানে দৌড়ে এসে ভলিতে বল জালে পাঠান ইউরি তিয়েলেমান্স।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবার আঘাত হানে ভিলা। প্রথমার্ধের যোগ করা সময়ে জন ম্যাকগিন বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার কাছে। তিনি বক্সের বাইরে থেকে বা পায়ের অসাধারণ বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ফ্রেইবুর্গ। কিন্তু ম্যাচের ৫৮ মিনিটে মরগ্যান রজার্সের গোল তাদের সব আশা শেষ করে দেয়। বুয়েন্দিয়ার নিচু ক্রসে পা বাড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
শেষ দিকে ফ্রেইবুর্গ চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজতেই উৎসবে মাতে অ্যাস্টন ভিলা। আর উনাই এমেরি যোগ করেন নিজের ক্যারিয়ারে আরও একটি ইতিহাস।