বড় ইনিংস খেলতে পারেননি বিরাট কোহলি। তবে অল্প সময়ের ইনিংসেই টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন নতুন রেকর্ড। শুক্রবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ১১ বলে ১৫ রান করেন ভারতীয় এই ব্যাটার। আর তাতেই অ্যালেক্স হেলসকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হওয়ার রেকর্ড এখন এককভাবে নিজের করে নিয়েছেন তিনি।
রান তাড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভেঙ্কাটেশ আইয়ারের সঙ্গে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন কোহলি। এই জুটিতে ভেঙ্কাটেশের অবদান ছিল বেশি, তিনি করেন ৪৪ রান। তবে এই জুটির মাধ্যমেই টি-টোয়েন্টিতে কোহলির পঞ্চাশোর্ধ্ব জুটির সংখ্যা দাঁড়ায় ২১১-তে।
এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে। তার নামের পাশে রয়েছে ২১০টি পঞ্চাশ ছোঁয়া জুটি। তালিকায় এরপর আছেন ডেভিড ওয়ার্নার (২০০), বাবর আজম (১৯৬) ও ক্রিস গেইল (১৯১)।
যদিও রেকর্ড গড়ার ম্যাচটি সুখকর হয়নি বেঙ্গালুরুর জন্য। ২৫৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তারা থামে ২০০ রানে। তবে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।