আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারের পর নতুন বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। ম্যাচ শেষে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটা! এই একটি দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছে।
শুক্রবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৫ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন সৌজন্য বিনিময়ে হাত মেলাচ্ছিলেন, তখন দেখা যায় কোহলি প্যাট কামিন্সসহ বেশ কয়েকজনের সঙ্গে করমর্দন করলেও ট্রাভিস হেডের দিকে না গিয়ে সামনে এগিয়ে যান।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ট্রাভিস হেড হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকলেও কোহলি তার দিকে না তাকিয়েই চলে যান। পরে হেডও বিষয়টি বুঝে স্বাভাবিকভাবে সরে দাঁড়ান। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে, শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন দুজনের মধ্যে কথার লড়াই থেকেই এই অস্বস্তিকর পরিস্থিতির জন্ম। ব্যাটিংয়ের সময় কোহলি নাকি হেডকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন, যার জবাবে পরে হেডও আউট করার পর পাল্টা কিছু বলেন বলে জানা গেছে।
কোহলি বরাবরই মাঠে আগ্রাসী ও আবেগী ক্রিকেটার হিসেবে পরিচিত। স্লেজিং, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর মানসিক চাপ তৈরির খেলায় তার ভূমিকা নতুন কিছু নয়। তবে ম্যাচ শেষে করমর্দন না করার ঘটনাটি অনেকেই ইতিবাচকভাবে নেননি।
ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, মাঠে উত্তেজনা থাকতেই পারে, কিন্তু ম্যাচ শেষে এমন আচরণ ক্রিকেটের সৌজন্যবোধের সঙ্গে যায় না।