আইপিএল ট্রফি জয়ের আনন্দ এখনো কাটেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। কিন্তু উৎসবের মাঝেই দলের জন্য এসেছে এক অস্বস্তিকর খবর। শিরোপা জয়ের কয়েকদিনের মধ্যেই শাস্তির মুখে পড়েছেন দলের তারকা ব্যাটার টিম ডেভিড। যার ফলে আগামী মৌসুমের প্রথম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বেঙ্গালুরুকে।
গত রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে ফাইনালে ঘটে যায় বিতর্কিত একটি ঘটনা। ম্যাচের দশম ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেভিড। অভিযোগ অনুযায়ী, তিনি আম্পায়ার নিতিন মেননের দিকে একটি বরফের ব্যাগ ছুড়ে মারেন। ঘটনাটি ম্যাচ কর্মকর্তাদের নজরে আসার পর আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাকে।
শুধু ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়াই নয়, ডেভিডের নামের পাশে যোগ হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট। আর সেখানেই তৈরি হয়েছে বড় বিপদ। কারণ, চলতি মৌসুমে এটি ছিল তার তৃতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এর আগে দুই ম্যাচে পাওয়া তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে নতুন দুটি যোগ হয়ে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে।
লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট পাঁচে পৌঁছালে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। সেই নিয়মেই আগামী মৌসুমের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে বেঙ্গালুরুর এই বিধ্বংসী ব্যাটারকে। ভবিষ্যতে অন্য কোনো দলের হয়ে খেললেও সেই দলের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আইপিএলের আচরণবিধিতে মাঠে উপস্থিত কোনো খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার কিংবা অন্য কারও দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম অনুপযুক্তভাবে নিক্ষেপ করাকে গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হয়। ডেভিডের বিরুদ্ধে আনা অভিযোগও সেই ধারার মধ্যেই পড়েছে।
শিরোপা জয়ের রাতটি বেঙ্গালুরুর জন্য স্মরণীয় হয়ে থাকলেও, সেই রাতেরই একটি মুহূর্ত শেষ পর্যন্ত ডেভিডের জন্য ডেকে আনল শাস্তি। ফলে নতুন মৌসুম শুরুর আগেই বড় এক ধাক্কা খেল আইপিএল চ্যাম্পিয়নরা।