আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের পর সোমবার (১ জুন) প্রশাসন ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেয়।
গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে নির্মিত এই সোনালি রঙের বিশাল ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। বিশ্বকাপ ট্রফি হাতে মেসির উদযাপনের ভঙ্গিতে তৈরি ভাস্কর্যটি উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে সেটি উন্মোচন করেছিলেন নিজেই মেসি।
তবে কয়েক মাস না যেতেই সেই আকর্ষণীয় স্থাপনাই এখন ইতিহাস। স্থানীয় এক আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, ‘স্থানীয়দের অভিযোগের পর সোমবার বিকালে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, এর পেছনে শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক প্রেক্ষাপটও ভূমিকা রাখতে পারে। কারণ ভাস্কর্যটি নির্মাণ হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়।
অন্যদিকে সম্প্রতি দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেছিলেন। তার সেই মন্তব্যের কিছুদিন পরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হলো।