রাজস্থানের ঘরে ওঠেনি আইপিএলের শিরোপা, কিন্তু এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় গল্প হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। মাঠে ব্যাট হাতে যে কিশোর ঝড় তুলেছেন, টুর্নামেন্ট শেষে সেই ঝড় এখন পৌঁছে গেছে বিজ্ঞাপনের বাজারেও।
রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে এবারের আইপিএলের সবচেয়ে আলোচিত ক্রিকেটারে পরিণত হয়েছেন। কমলা টুপি (ওরেঞ্জ ক্যাপ), সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, সেরা উদীয়মান ক্রিকেটার, সবচেয়ে বেশি ছক্কা ও সবচেয়ে বেশি স্ট্রাইক রেট! সব বড় স্বীকৃতিই গেছে তার দখলে।
কিন্তু বৈভবের গল্প শুধু রানের নয়, বদলে যাওয়া জীবনেরও। কয়েক সপ্তাহ আগেও যাকে ক্রিকেটের বিস্ময় বালক বলা হচ্ছিল, আইপিএল শেষে সেই বৈভব এখন ব্র্যান্ডগুলোর কাছে নতুন আকর্ষণ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের জন্য ১ কোটি টাকার মতো পারিশ্রমিক নিতেন বৈভব। টুর্নামেন্টের পর সেই অঙ্ক এখন দেড় থেকে ২ কোটি টাকার ঘরে পৌঁছেছে।
বৈভব নিজে এখনো এই আলোচনার সামনে আসেননি। বিজ্ঞাপন, চুক্তি কিংবা পারিশ্রমিক; এসব বিষয় দেখভাল করছেন তার বাবা-মা। মাঠে একজন কিশোরের স্বপ্ন যতটা বড় হচ্ছে, মাঠের বাইরে তার পরিবারের দায়িত্বও ততটাই বেড়ে যাচ্ছে। জনপ্রিয়তার এই ঢেউ যে শুধু আবেগের নয়, সেটি এখন অর্থনৈতিক বাস্তবতাও হয়ে দাঁড়িয়েছে।
আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বৈভব। তখন তার দর ছিল ১ কোটি টাকার আশপাশে। কিন্তু আইপিএলের রেকর্ডময় আসরের পর একাধিক সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেছে। এত অল্প বয়সে এমন বাজারমূল্য পাওয়া ভারতীয় ক্রিকেটে বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।
রাজস্থান রয়্যালস ২০২৫ সালের মেগা নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় বৈভবকে দলে নিয়েছিল। সেই সিদ্ধান্ত এখন রাজস্থানের জন্য বড় বিনিয়োগে পরিণত হয়েছে। কারণ মাঠে বৈভবের ব্যাট যেমন রান এনে দিয়েছে, তেমনি মাঠের বাইরে তার নাম এখন হয়ে উঠছে বড় ব্র্যান্ড ভ্যালু।
তবে এই উত্থানের মাঝেও আছে এক ধরনের চাপ। বয়স কম, প্রত্যাশা আকাশছোঁয়া। একদিকে ক্রিকেটের রেকর্ড, অন্যদিকে বিজ্ঞাপনের বাজার, দুই দিক থেকেই বৈভবকে ঘিরে বাড়ছে আগ্রহ। এখন দেখার বিষয়, রাজস্থান রয়্যালস এই বিস্ময় বালককে ধরে রাখতে কত বড় সিদ্ধান্ত নেয়।