আইপিএল ২০২৬-এর ফাইনাল শেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা যায় বিশেষ এক মুহূর্ত। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি এগিয়ে যান রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশীর কাছে। কাঁধে হাত রেখে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।
সেই মুহূর্ত নিয়ে বৈভব বলেন, ‘আমি আগে থেকেই আরসিবির এবং বিশেষ করে বিরাট কোহলির মস্ত বড় ফ্যান ছিলাম। বিরাট ভাইয়া যখন আমার কাঁধে হাত রেখে কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন সত্যি হলো।’
কোহলি তাকে সমালোচনা থেকে দূরে থেকে নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসে মনোযোগ দিতে বলেন। বৈভবকে তিনি বলেন, ‘তোমাকে এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। তুমি যা অর্জন করেছ, তা তোমার কঠোর পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাসের কারণেই পেয়েছ। কে কী করছে বা কীভাবে করছে, সেদিকে একদম কান দেবে না।’
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বৈভব। ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপসহ একাধিক পুরস্কার। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি।
প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘তার পারফরম্যান্সই আমাদের তাকে দলে নিতে প্রায় বাধ্য করেছে। সে যেভাবে খেলেছে, তাতে তাকে উপেক্ষা করা কঠিন।’
অরেঞ্জ ক্যাপ জয়ের অনুভূতি জানিয়ে বৈভব বলেন, ‘আমি যখনই টিভিতে আইপিএল দেখতাম, অরেঞ্জ ক্যাপটা দেখলেই মনে হতো, ইশ! যদি একবার ছুঁয়ে দেখতে পারতাম কেমন লাগে। এখন আমি নিজেই এটা জিতেছি, অনুভূতিটা দারুণ।’
১৫ বছরের এই বিস্ময় বালক আন্তর্জাতিক মঞ্চে কতটা আলো ছড়াতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।