অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে দুই পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও রিপন মন্ডল। তাদের জায়গায় ফিরেছেন আগের সিরিজে না খেলা দুই গতি তারকা, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইফ হাসান। তার বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। প্রধান নির্বাচকরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন। এতে বড় চমক না থাকলেও ২০ ওভারের সংস্করণে নিয়মিত মুখরা সবাই দলে আছেন।
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না নাহিদ ও তাসকিন। তাদের জায়গায় সুযোগ পেয়েছিলেন রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাকলাইন টিকে গেলেও নাহিদ-তাসকিনের ফেরায় রিপনের সুযোগ বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে থাকা তানজিম হাসান সাকিব চোটের কারণে এবার স্কোয়াডে নেই।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, সাইফ হাসান নিজেই সহ-অধিনায়কত্ব ছাড়ার আবেদন করেছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।
চট্টগ্রামে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।
এক নজরে টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।