মিরপুরে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটের এই পরাশক্তি। তবে পর্দার অন্যপাশে মাইটি অস্ট্রেলিয়া লিখল অন্যরকম এক ইতিহাস। বিশ্বকাপ ফুটবল মঞ্চে শুরুতেই বড় চমক দেখাল তারা। শক্তিশালী প্রতিপক্ষ তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত বার্তা দিল তারা। ম্যাচজুড়ে চাপ সামলে পরিকল্পিত কাউন্টার অ্যাটাকেই জয় তুলে নেয় অজিরা।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত গ্রুপ ডি’র এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তুরস্ক। আর্দা গুলের, কেনান ইলদিজ, হাকান চালহানোগ্লুর মতো তারকাদের ঘিরে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তুরস্ক।
অন্যদিকে অস্ট্রেলিয়া শুরু থেকেই খেলেছে শৃঙ্খলিত রক্ষণ আর দ্রুতগতির কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল। ম্যাচের শুরুতেই নেস্টরি ইরানকুন্ডার গোল দলকে এগিয়ে দেয়। সেই লিড ধরে রেখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধে তুরস্ক একের পর এক আক্রমণ চালালেও দুর্দান্ত ফর্মে থাকা গোলরক্ষক প্যাট্রিক বিচ দেয়াল হয়ে দাঁড়ান। গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ম্যাচের ৭৫ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে কনর মেটকাফের দারুণ এক গোল ব্যবধান দ্বিগুণ করে। দূরপাল্লার শটে কোনো সুযোগই পাননি তুরস্কের গোলরক্ষক চাকির।
শেষদিকে তুরস্ক মরিয়া হয়ে উঠলেও অস্ট্রেলিয়ার সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি তারা। আকাশে ভেসে আসা বলগুলোতেও ডিফেন্ডাররা ছিলেন পুরোপুরি নিয়ন্ত্রণে।
এই জয়ে গ্রুপ ডি’তে শক্ত অবস্থান তৈরি করল অস্ট্রেলিয়া। এর আগে একই গ্রুপে যুক্তরাষ্ট্র ৪-১ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে নিজেদের শক্তির জানান দেয়।