বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখন পুরো বিশ্বই সরগরম। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় তারকারা, আর বড় ম্যাচগুলোতে তাদের প্রতিক্রিয়াও হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু।
গতকাল কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির গোলবন্যার ম্যাচটি নিয়েও শোবিজে তৈরি হয় ভিন্ন এক উচ্ছ্বাস। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই বড় জয়ে অনেক তারকাই যেন খুঁজে পান পুরোনো এক ঐতিহাসিক স্মৃতি। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের অনেকে এই ম্যাচ ঘিরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নস্টালজিক অনুভূতি।
ম্যাচ চলাকালীন এবং শেষে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিকা আমিনের ফেসবুক পোস্টগুলোও নজর কাড়ে। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন শেষ মুহূর্তে লেখেন, ‘জার্মানি এটা কি দেখাচ্ছে!’ পরে ম্যাচ শেষ হওয়ার পর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘৭-১ ফিলিং নস্টালজিক’।