মিরপুর স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবালের নির্দেশনায় তাদের বর্তমান বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এ উদ্যোগকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
এডহক কমিটির দায়িত্বকালেই তামিম ইকবাল মিরপুর স্টেডিয়ামে দর্শক ও মাঠকর্মীদের সুবিধার কথা চিন্তা করে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। এর কিছু তখন বাস্তবায়িত হলেও, পূর্ণমেয়াদে দায়িত্ব নেওয়ার পর বাকি উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা চলছে।
এ বিষয়ে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত জানান। তিনি লেখেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিচ্ছি। এটি আমাদের সভাপতি তামিম ইকবালের সেই অঙ্গীকারেরই অংশ, যা আমরা এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় করেছিলাম, শুধু আমাদের ক্রিকেটারদের নয়, বরং মাঠে ক্রিকেটকে সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া পুরো দলটির কল্যাণ নিশ্চিত করার জন্য।’
তিনি আরও লেখেন, ‘ক্রিকেট শুধুমাত্র জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা খেলোয়াড়দের নিয়েই নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি অনুশীলন সেশন এবং প্রতিটি সফল আয়োজনের পেছনে থাকে একদল নিবেদিতপ্রাণ মানুষ, যাদের অবদান প্রায়ই চোখের আড়ালে থেকে যায়।’
আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অংশ হিসেবে আমাদের দায়িত্ব শুধু ক্রিকেটার তৈরি করা নয়, বরং ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষের মর্যাদা ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা। ন্যায্য পারিশ্রমিক কোনো বিশেষ সুবিধা নয়; এটি কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অবদানের যথাযথ স্বীকৃতি।’
তিনি বলেন, ‘অ্যাডহক কমিটির যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় অটল থেকেছি। সুশাসন, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় গঠন কিংবা কর্মীদের কল্যাণ—প্রতিটি ক্ষেত্রেই আমাদের লক্ষ্য ছিল কথাকে কাজে রূপ দেওয়া।’
সবশেষে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রতিদিন নিজেদের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সকল কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’