বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে ফুটবল সম্রাট পেলের একটি ঐতিহাসিক রেকর্ড পেছনে ফেলেছেন ফ্রান্সের অধিনায়ক। এখন বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার মোট অবদান ২০টি, যা তাকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোল-অবদানকারী ফুটবলার বানিয়েছে।
বস্টন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট অবদান দাঁড়িয়েছে ১৬ গোল ও ৪ অ্যাসিস্টে, অর্থাৎ ২০টি গোলে সরাসরি ভূমিকা।
এতদিন ১২ গোল ও ৭ অ্যাসিস্ট মিলিয়ে ১৯টি গোল-অবদান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এমবাপ্পে সেই রেকর্ড ছাড়িয়ে এখন এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
তবে শীর্ষস্থান এখনো দখলে রেখেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ছয়টি বিশ্বকাপে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট মিলিয়ে তার মোট গোল-অবদান ২৭টি, যা এখনো বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। এবারের আসরেও দুই ম্যাচে ৫ গোল করে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।
ক্যারিয়ারের এখনো অনেকটা সময় বাকি থাকতেই এমন এক রেকর্ড গড়া এমবাপ্পের জন্য বড় অর্জন। শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতাও তাকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত করেছে। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই ফরোয়ার্ডের ঝুলিতে রয়েছে গোল্ডেন বুটও।