ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের পর নতুন দাবি তুলেছেন ঘানার আলোচিত আধ্যাত্মিক সাধক নানা কওয়াসু বোনসাম। তার ভাষ্য, হ্যারি কেইনের ওপর যে ‘কালো জাদু’ করেছিলেন, সেটি এখন তুলে নিয়েছেন। ফলে পানামার বিপক্ষে ইংল্যান্ড অধিনায়ক আবারও গোলের দেখা পাবেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দুর্দান্ত সূচনা করেছিলেন কেইন। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে ছিলেন নিজের ছায়া। পুরো ম্যাচে তেমন কোনো প্রভাবই ফেলতে পারেননি। যে একটি ভালো সুযোগ পেয়েছিলেন, সেটিও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন।
এই ছন্দপতনের পরই নানা কওয়াসু বোনসাম দাবি করেছিলেন, কেইনের ওপর তিনিই কালো জাদু করেছিলেন, যাতে ঘানার বিপক্ষে তিনি ব্যর্থ হন।
এবার সেই অবস্থান থেকে সরে এসে বোনসাম বলেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধক। এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি যেন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।’
শুধু তাই নয়, কেইনের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি। বোনসাম বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। শুধু আমার দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি। আমার একটি পুত্রসন্তান আছে। আমি ওর নাম রাখব হ্যারি কেইন। কারণ, আমি কেইনের খেলা অনেক আগে থেকেই ভালোবাসি।’
এর আগেও বিশ্ব ফুটবলে এমন বিতর্কিত দাবি করে আলোচনায় এসেছিলেন বোনসাম। ২০১৪ বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর হাঁটুর চোটের জন্যও নিজের জাদুটোনাকে দায়ী করেছিলেন তিনি।