গ্রুপ পর্ব শেষ, এখন বিশ্বকাপে শুরু হয়েছে বাঁচা-মরার লড়াই। তবে নকআউটের উত্তেজনার মাঝেই গ্রুপ পর্বে সবচেয়ে বেশি আলো ছড়ানো ফুটবলারদের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট।
৪৮ দলের বিশ্বকাপে এবার মোট ম্যাচ ১০৪টি। এর মধ্যে গ্রুপ পর্বে শেষ হয়েছে ৭২টি ম্যাচ। রোববার সেই পর্ব শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে নকআউট পর্ব। কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই পর্ব শেষ হবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালের মধ্য দিয়ে।
গ্রুপ পর্বের পারফরম্যান্স বিবেচনায় অপটার একাদশে জায়গা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। রক্ষণভাগে আছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা। মিডফিল্ডে সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি ও ইকুয়েডরের পেদ্রো ভিতে।
আক্রমণভাগে রয়েছে তারকাদের ছড়াছড়ি। ডান প্রান্তে আছেন লিওনেল মেসি, বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র। আর দুই স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হলেও গ্রুপ পর্বে এই ফুটবলারদের পারফরম্যান্সই ছিল সবচেয়ে আলোচিত। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নকআউটেও তারা একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না।
এক নজরে গ্রুপ পর্বের সেরা একাদশ: গোলরক্ষক ভোজিনহা (কেপ ভার্দে); রক্ষণে মারভিন সেনায়া (ঘানা), ডিনে বোর্জেস (কেপ ভার্দে), পাউ কুবারসি (স্পেন) ও কেইতো নাকামুরা (জাপান); মাঝমাঠে ওয়েস্টন ম্যাককেনি (যুক্তরাষ্ট্র) ও পেদ্রো ভিতে (ইকুয়েডর); আর আক্রমণভাগে লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), আর্লিং হলান্ড (নরওয়ে) ও কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।