বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের আনন্দে যেন উৎসবের দেশে পরিণত হয়েছে প্যারাগুয়ে। সেই উচ্ছ্বাসকে আরও বড় করে তুলতেই মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
সোমবার রাতে এ ঘোষণা দেন তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ফুটবল দলের এই স্মরণীয় সাফল্য উদযাপনের সুযোগ করে দিতেই বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা ছিল। পরে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।
কোচ গুস্তাভো আলফারোর অধীনে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে বিদায় করে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। তাই এই সাফল্যকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার ক্ষমতা রয়েছে। সেই আইনি ক্ষমতা ব্যবহার করেই এই বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।