বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাম্প্রতিক সময়ে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে আগামী বছর, যখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য সম্প্রতি আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তান সিরিজ ছাড়াও সূচিতে রয়েছে ভারতের বাংলাদেশ সফর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সফর চলতি বছরে হওয়ার কথা থাকলেও ইংল্যান্ড ও পাকিস্তানের সফর অনুষ্ঠিত হবে আগামী বছর।
এই চারটি সিরিজের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। ২ জুলাই থেকে বোর্ডের কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে। আর আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের প্রস্তাব জমা দিতে হবে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে। যেখানে ৩৫টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, আর বাংলাদেশের জয় ৭টি। তবে টাইগারদের বেশির ভাগ জয়ই এসেছে সাম্প্রতিক সময়ে, যা দুই দলের লড়াইকে আরও জমজমাট করে তুলেছে।