চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে সামনে এসেছে এক অদ্ভুত ও আলোচিত তথ্য। উচ্চতার কঠিন কন্ডিশন ও শারীরিক ক্লান্তি সামাল দিতে ইংলিশ ফুটবলাররা চাইলে ‘ভায়াগ্রা’ ব্যবহার করতে পারেন বলে জানা গেছে। কারণ বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (ওয়াডা) ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় এটি অন্তর্ভুক্ত নেই।
সোমবার ভোরে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামে পাতলা বাতাসে খেলাটা সবসময়ই কঠিন। দ্রুত ক্লান্ত হয়ে পড়া, শ্বাসকষ্ট আর মাথা ঘোরার মতো সমস্যা এখানে সাধারণ ব্যাপার। গবেষণায় বলা হয়, এই ধরনের ওষুধ ফুসফুসের রক্তচাপ কমিয়ে উচ্চতার কারণে হওয়া শারীরিক চাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে।
তবে ইংল্যান্ড সত্যিই এই ধরনের কোনো ওষুধ ব্যবহার করবে কি না, তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। নতুন কোচ টমাস টুখেল অবশ্য মেক্সিকোর কঠিন কন্ডিশন সামাল দিতে সব ধরনের বৈজ্ঞানিক ও কৌশলগত প্রস্তুতি খতিয়ে দেখছেন।
পরিসংখ্যান বলছে, অ্যাজটেকা স্টেডিয়ামে ঘরের সুবিধা কাজে লাগিয়ে মেক্সিকো গত কয়েক দশকে খুব অল্প কয়েকবারই হেরেছে। অন্যদিকে ইংল্যান্ড ক্যানসাস সিটিতে কঙ্গোকে হারিয়ে সরাসরি মেক্সিকো না গিয়ে সেখানেই প্রস্তুতি সারছে। ফলে দুই দিনের কম সময়ের অভিযোজন নিয়েই তাদের নামতে হচ্ছে এই কঠিন নকআউট ম্যাচে, যা ইংল্যান্ডের জন্য বড় পরীক্ষাই হতে যাচ্ছে।