শেষ ষোলোর মহারণের আগে ব্রাজিল শিবিরে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লুকাস পাকেতার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে আর্সেনাল তারকা গাব্রিয়েল মার্টিনেলিকে।
শনিবার (৪ জুলাই) অনুশীলনে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশে জায়গা পেয়েছেন মার্টিনেলি। শুক্রবার ও শনিবার, এই দুই দিনের অনুশীলনেই কোচ কার্লো আনচেলত্তি তাকে মূল একাদশে রেখেই পরিকল্পনা সাজিয়েছেন। তবে ম্যাচের আগে টিম মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (রোববার) দিবাগত রাত ২টায়।
এক নজরে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, কাসেমিরো, রায়ান, মাথিউস কুনিয়া, গাব্রিয়েল মার্টিনেলি ও ভিনিসিয়ুস জুনিয়র।
যদিও মার্টিনেল্লি স্বভাবতই একজন ফরোয়ার্ড, তবু বল দখলে থাকার সময় তাকে বাম প্রান্ত থেকে ভেতরের দিকে নেমে খেলানোর পরিকল্পনা রয়েছে ব্রাজিল কোচের।
এই পরিবর্তনের মূল কারণ মাঝমাঠের খেলোয়াড় লুকাস পাকেতার চোট। বাম উরুতে চোট পাওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, তবে চলতি বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা খুবই কম। জাপানের বিপক্ষে যে একাদশ খেলেছিল, পাকেতা ছাড়া সেই দলের বাকি সবাইকে অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে আনচেলত্তির।
এদিকে ইনজুরির কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারছেন না রাফিনিয়া। তবে ব্রাজিলের মেডিকেল বিভাগের আশা, সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে পরবর্তী ম্যাচের আগেই তাকে পুরোপুরি ফিট করে তোলা সম্ভব হবে।