নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন নেইমার জুনিয়র। এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন কোটি ভক্তের মতো তার বাবা নেইমার সিনিয়রও। ছেলেকে অবসর না নিয়ে আবার মাঠে ফিরতে আবেগঘন আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তায় নেইমার সিনিয়র ছেলের পুরো ফুটবল যাত্রার স্মৃতিচারণ করেন। ছোটবেলায় পায়ে বল নিয়ে স্বপ্ন দেখা সেই শিশুটি যে একদিন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হবে, সেটি ঈশ্বরেরই পরিকল্পনা ছিল বলে বিশ্বাস তার। তিনি লেখেন, ‘আমার ছেলে... কী অসাধারণ এক যাত্রা! কী সুন্দর এক পথচলা। কঠিন, কিছুটা সময় বেদনাদায়ক, কিন্তু অসীম আশীর্বাদে পরিপূর্ণ। মনে হয়, যেন গতকালই তোমাকে পায়ে বল নিয়ে স্বপ্নে দেখেছিলাম। তখন তুমি কল্পনাও করতে পারোনি, ঈশ্বর তোমাকে কত দূর নিয়ে যাবেন। খুব ছোটবেলাতেই বুঝেছিলাম, তোমার মধ্যে অন্যরকম কিছু একটা আছে। সেটা শুধু প্রতিভা ছিল না, এর পেছনে ছিল একটি উদ্দেশ্য।’
নেইমারের উত্থান-পতনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার কথাও স্মরণ করেন তার বাবা। তিনি লেখেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। তোমার সুখের ও কঠিন সময়গুলোতে পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে কেঁদেছি, প্রার্থনা করেছি, উদযাপন করেছি এবং শিখেছিও।’
তবে পুরো বার্তার সবচেয়ে আবেগঘন অংশ ছিল ছেলেকে আবার ফুটবল খেলে যাওয়ার অনুরোধ। নেইমার সিনিয়র লেখেন, ‘আমার প্রিয় ছেলে, ফুটবলটা চালিয়ে যাও০ যাও। পায়ে বল থাকার সেই আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের সেই হাসিটা আবার ফিরে পাও। আজ তুমি সুস্থ আছ। ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, সেই কাজটি করার জন্য যা তুমি সবসময় ভালোবেসেছ। খেলাটাকে উপভোগ করো। জীবনের সিদ্ধান্ত, সমালোচনা, প্রত্যাশা কিংবা বাধার ভার নিজের কাঁধে নিও না। কিছু বিষয় মানুষের হাতে থাকে, কিন্তু কিছু সিদ্ধান্ত শুধু ঈশ্বরের হাতে।’
তিনি আরও বিশ্বাস করেন, নেইমারের গল্প এখনো শেষ হয়নি। তার ভাষায়, ‘এখন নেওয়া কোনো সিদ্ধান্ত তোমার পুরো গল্পকে নির্ধারণ করে না। কোনো স্বপ্ন এখনো পূরণ হয়নি মানেই সেটি শেষ হয়ে যায়নি। কঠিন কোনো মুহূর্ত কখনো গল্পের শেষ অধ্যায় রচিত হয় না। আমাদের জীবনের শেষ অধ্যায় একমাত্র সৃষ্টিকর্তাই লেখেন। ততদিন পর্যন্ত ভালো থেকো, স্বাচ্ছন্দ্যে ফুটবল খেলো, আবারও মানুষকে আনন্দ দাও। ছোটবেলা থেকেই ঈশ্বর তোমার হাতে যে প্রতিভা দিয়েছেন, সেটিই করে যাও।’
বার্তার শেষ অংশে ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘আর কখনো ভুলে যেয়ো না, বিশ্ব তোমাকে ভালোবাসার আগে, সৃষ্টিকর্তা সব সময় তোমাকে ভালোবেসেছেন। ছেলে, আমি সবকিছু আবারও করতাম। প্রতিটি ভ্রমণ, ত্যাগ, নির্ঘুম রাত, দুশ্চিন্তা, কিংবা প্রতিটি প্রার্থনা।’
নেইমারের আন্তর্জাতিক অবসরের ঘোষণার পর বাবার এই আবেগঘন বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।