এবারের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। তবে নিজেদের দল ছিটকে পড়লেও বিশ্বকাপে নতুন প্রিয় দল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের পছন্দ, ইংল্যান্ড। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান ও প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ের পর হোয়াইট হাউস এখন ইংল্যান্ডের শিরোপা জয়ের অপেক্ষায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে হোয়াইট হাউসের সবাই ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিজেদের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিততে না পারলেও আমাদের এই উদযাপনের সময়ে আমেরিকায় এসে ইংল্যান্ডের শিরোপা জেতাটা দারুণ এক (সাফল্যের) গল্প হতে পারে।’
এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে টমাস টুখেলের দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে শেষ চারের চার দলের মধ্যে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন জুলিয়ানি। তার ভাষায়, ‘ইংল্যান্ডের ৬০ বছর ধরে অপেক্ষা করছে (সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে)। তারা যদি এবার চ্যাম্পিয়ন হয়, তাহলে সেটি হবে অসাধারণ এক অর্জন। আমি মনে করি, ইংল্যান্ড শেষ পর্যন্ত যেতে পারবে। টিকে থাকা দলগুলোর মধ্যে তারা অন্যতম সেরা।’
হ্যারি কেইনের প্রতিও ট্রাম্পের আগ্রহের কথা তুলে ধরে জুলিয়ানি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে হ্যারি কেইনকে দারুণ খেলোয়াড় এবং অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছিলেন। ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পারফরম্যান্সও তিনি নিবিড়ভাবে অনুসরণ করছেন।’
সম্প্রতি হ্যারি কেইনের সঙ্গে ট্রাম্পের গলফ খেলা নিয়েও আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে জুলিয়ানি বলেন, ‘কয়েক বছর আগে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একদল মানুষের গলফ খেলায় অংশ নিয়েছিলাম, সেখানে ওয়েইন রুনিও ছিলেন। প্রেসিডেন্ট ফুটবল সম্পর্কে বেশ ভালোই জানেন। আমার মনে হয়, তার ছেলে ব্যারনের মাধ্যমে এ আগ্রহ আরো বেড়েছে।’