বিশ্বকাপের মঞ্চে শেষ হাসি এবার স্পেনের। শিরোপা উদযাপন করছে ইউরোপের দলটি, আর আর্জেন্টিনা ফিরে গেছে একরাশ হতাশা নিয়ে। তবে ট্রফি হারালেও নিজেদের পথচলা নিয়ে গর্বিত রদ্রিগো ডি পল। বিশ্বকাপের পর তার বার্তায় উঠে এসেছে হারানোর কষ্টের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে খেলার গর্ব।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডি পল বুঝিয়েছেন, আর্জেন্টিনার এই দলের মূল্য শুধুমাত্র ট্রফি দিয়ে বিচার করা যায় না। তার মতে, এই দলের সঙ্গে সমর্থকদের সম্পর্ক তৈরি হয়েছে আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের বিশ্বাস থেকে।
ডি পল লিখেছেন, ‘সবচেয়ে বড় কষ্ট হলো, আমরা বিশ্বকাপটি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এই দলের সঙ্গে আপনাদের সম্পর্ক শুধু একটি ট্রফিতে সীমাবদ্ধ নয়। এই কঠিন সময় পার করার জন্য আমি সেই ভালোবাসাটুকুকেই আঁকড়ে ধরতে চাই। এই ব্যথা অনেক দিন থাকবে, তবে আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হওয়ার জন্য বেশি গর্বিত।’
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্কও কম হয়নি। রেফারিং ও ভিআরের সিদ্ধান্ত থেকে শুরু করে দলের উদ্যাপনের ধরন—বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছেন অনেকে। সেই সমালোচনার প্রসঙ্গও উঠে এসেছে ডি পলের বার্তায়।
তিনি লিখেছেন, ‘আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের এই পতন দেখার অপেক্ষায় ছিল। আর্জেন্টিনা যা পেয়েছে, তা না পেয়ে তারা পুরো বিশ্বকাপজুড়ে নানা ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়েছে। কারণ, আমাদের হাসি তাদের অস্বস্তিতে ফেলে, আমাদের খেলার ধরন তাদের বিরক্ত করে...কিন্তু এটাই প্রমাণ করেছে যে আমাদের জার্সি আর ভালোবাসার আবেগ সবকিছুর ঊর্ধ্বে।’
২০২৬ বিশ্বকাপে অবশ্য নিজের সেরা ছন্দে ছিলেন না ডি পল। ফাইনালে তাকে শুরুর একাদশে রাখা নিয়েও উঠেছিল প্রশ্ন। কিন্তু আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের ইতিহাসে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই।
লিওনেল স্কালোনির অধীনে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার। তাই একটি ব্যর্থ ফাইনাল নয়, বরং পুরো যাত্রার অংশ হিসেবেই নিজের দলকে দেখছেন ডি পল।