বিশ্বকাপের বছর এলেই ব্যালন ডি’অরের লড়াইয়ে নতুন হিসাব শুরু হয়। ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়েও এসেছে বড় পরিবর্তন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্পেনের দুই তারকা রদ্রি ও লামিন ইয়ামাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য দাবিদারদের তালিকায় রেখেছে লিওনেল মেসি, লামিন ইয়ামাল, রদ্রি, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে। একই সঙ্গে দুর্দান্ত মৌসুম কাটানো উসমান ডেম্বেলেকেও এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপে স্পেনের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ মৌসুম কাটানোর পর জাতীয় দলের হয়েও মাঝমাঠে আধিপত্য দেখিয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জেতার পাশাপাশি বল নিয়ন্ত্রণ, সফল পাস ও আক্রমণভাগে পাস দেওয়ার ক্ষেত্রেও নজরকাড়া পারফরম্যান্স করেন এই মিডফিল্ডার।
মাত্র ১৯ বছর বয়সেই লামিন ইয়ামাল ক্লাব ও জাতীয় দল, দুই জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন। বার্সেলোনার হয়ে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি সফল ড্রিবলের রেকর্ড গড়েন তিনি।
অন্যদিকে, বিশ্বকাপ জিততে না পারলেও ব্যালন ডি’অরের দৌড় থেকে ছিটকে যাননি লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করতে না পারায় তার সম্ভাবনা কিছুটা কমেছে। তবু পুরস্কার জিততে পারলে নবম ব্যালন ডি’অরের পাশাপাশি সবচেয়ে বেশি বয়সী বিজয়ীর রেকর্ডও গড়বেন তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্সে পিছিয়ে নেই হ্যারি কেইনও। বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ গোল করে লিগ ও কাপ ডাবল জিতেছেন তিনি। বিশ্বকাপে ৬ গোল করে ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন।
কিলিয়ান এমবাপ্পে মৌসুমজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে বড় শিরোপা না পাওয়ায় ব্যালন ডি’অরের দৌড়ে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি।
গতবারের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও আলোচনায় আছেন। চোটে কিছু সময় মাঠের বাইরে থাকলেও পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে করেছেন ৬ গোল। ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে।
সুত্র - মার্কা