অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ এবার ভারতে আয়োজনের ঘোষণার পর আরও বড় চমক দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার ভারতের মাটিতেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বিবিসির এক পডকাস্টে জানিয়েছেন, ভারতের মাটিতে অ্যাশেজের এক বা দুটি টেস্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে ভাবছে তারা। গ্রিনবার্গ বলেন, ‘ভারতে অ্যাশেজ সিরিজের এক-দুটি টেস্ট আয়োজন করা যায় কি না, তা নিয়ে আমরা ভাবছি। বোর্ড ডিরেক্টরদের অনুমোদন পেলে পরিকল্পনা সাজানো হবে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ভবিষ্যতের দ্বার খোলা রাখা হচ্ছে।’
তার মতে, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির জনপ্রিয়তার এই সময়ে টেস্ট ক্রিকেটকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগের কথা ভাবা হচ্ছে। তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড-ভারতের সঙ্গে আমাদের টেস্ট ক্রিকেট বেশ শক্তিশালী। তাই আমাদের চাওয়া টেস্ট ক্রিকেটকে আরও প্রসারিত ও শক্তিশালী করে তোলা।’
এর আগে ১৬তম বিগ ব্যাশ শুরুর আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনী ম্যাচটি অস্ট্রেলিয়ার বদলে ভারতের চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার ভারতের মাটিতে অ্যাশেজ আয়োজনের পরিকল্পনা সামনে এলো।
যদিও পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বোর্ডের অনুমোদন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতির পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।