বিশ্বকাপ শেষে পোকার খেলায় অংশ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোস যখন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছিল, তখন তাকে দেখা গিয়েছিল পোকার (জুয়া) টুর্নামেন্টে। সেই বিতর্কের পর মাঠে ফিরেই পারফরম্যান্স দিয়ে সব আলো নিজের দিকে টেনে নিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
ব্রাজিলিয়ান সিরি’আতে শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন নেইমার। অবনমন অঞ্চলে থাকা দলের জন্য এই ড্র ছিল স্বস্তির।
ম্যাচের শুরুতেই সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সের ভেতর থেকে গোল করে এগিয়ে দেন দলকে। আর সেই গোল উদযাপন করেন পোকার খেলার ভঙ্গিতে, যা অনেকেই সাম্প্রতিক সমালোচনার জবাব হিসেবেই দেখছেন।
তবে ম্যাচ সহজ ছিল না। শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলে সান্তোসের হারই প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন নেইমার। দ্বিতীয় গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান তিনি।
বিশ্বকাপের পর চোট ও ফিটনেস কর্মসূচির কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এই ফরোয়ার্ড। সে সময় পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরে অনুশীলন মাঠ থেকেই একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন নেইমার।
তিনি বলেছিলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি কারণ আমি সবে অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।’
সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছি। আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।’
সমালোচনার জবাব আর কথায় নয়, মাঠেই দিলেন নেইমার। জোড়া গোলের সঙ্গে পোকার স্টাইলে উদযাপন করে বুঝিয়ে দিলেন, বিতর্ক যতই থাকুক, নিজের ফুটবল দিয়েই উত্তর দিতে চান তিনি।