বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলছে। সাম্প্রতিক পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে সমালোচনার মধ্যেই মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব হারানোর জোর গুঞ্জন চলছে। এবার সেই সম্ভাবনার কথা জানিয়েছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
শুরুতে ওয়ানডে দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর ফেরার সম্ভাবনা থাকলেও, সর্বশেষ খবর অনুযায়ী টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসই এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন। যদি শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়, তাহলে বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হতে পারেন তিনি।
আগামী ২৯ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ওই সভাতেই নতুন নেতৃত্ব কাঠামো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
টি-টোয়েন্টি দলে বর্তমানে লিটনের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। জানা গেছে, ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
একসময় নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডে অধিনায়ক করার আলোচনা থাকলেও, সীমিত ওভারের ক্রিকেট ও টেস্ট দলের নেতৃত্ব আলাদা রাখার পরিকল্পনা থেকেই লিটন দাস এখন বিসিবির প্রথম পছন্দ বলে জানা গেছে।