মাত্র ১৯ সেকেন্ডেই গোল হজম। ঘরের মাঠে এমন দুঃস্বপ্নের শুরু দেখে অনেকেই ভেবেছিলেন, সান্তোস হয়তো কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। কিন্তু সেই ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস।
তবে বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও ম্যাচে নিজের ছাপ রাখতে পারেননি তিনি। গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই রক্ষণের ভুলে বিপদে পড়ে সান্তোস। মাত্র ১৯ সেকেন্ডে ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ভুল ব্যাক পাস কেটে নেন সামুয়েল সোসা। এরপর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে পরাস্ত করে সফরকারীদের এগিয়ে দেন তিনি।
হঠাৎ পাওয়া ধাক্কা সামলে প্রথমার্ধেই সমতায় ফেরে স্বাগতিকরা। একক নৈপুণ্যে দারুণ একটি গোল করে ব্যবধান ১-১ করেন বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো। বিরতির পর খেলার চেহারাই বদলে যায়। প্রধান কয়েকজন তারকাকে মাঠে নামিয়ে আক্রমণের গতি বাড়ান কোচ। এরপর একের পর এক সুযোগ তৈরি করতে থাকে সান্তোস।
গ্যাব্রিয়েল বনতেম্পোর বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। এরপর বারবোসার শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল মেনিনো।
ইউনিভার্সিদাদ সেন্ট্রাল অবশ্য সহজে হার মানেনি। ম্যাচের ৭২ মিনিটে গঞ্জালো মোতেস গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। তবে শেষদিকে আবারও বনতেম্পোর পাস থেকে রনি গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সান্তোসের।
এই জয়ে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।