ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। দেশটির সরকারের অনুমোদন না মিললে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বহুল প্রতীক্ষিত এই সফর আবারও পিছিয়ে যেতে পারে। তবে সিরিজটি আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড সভা শেষে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, সফর নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে এবং বিসিসিআইয়ের সঙ্গে ই-মেইলে আলোচনা অব্যাহত রয়েছে।
তামিম ইকবাল আরও বলেন, বাংলাদেশে ভারত এলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়। তাই তিনি আশা করছেন, শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সফরে আসবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ এখন একটি নিরাপদ দেশ এবং সফর আয়োজনে বিসিবি নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে।
তবে আলোচনার সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন বিসিবি সভাপতি। তার ভাষায়, বোর্ডের পক্ষ থেকে যতটুকু করার প্রয়োজন, ততটুকুই করা হচ্ছে। এর বাইরে এমন কিছু বিষয় রয়েছে, যা বিসিবির নিয়ন্ত্রণের বাইরে।
তামিম আরও জানান, সংশ্লিষ্টদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব শিগগিরই সিরিজটি হবে নাকি স্থগিত হবে, সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।