ভারতীয় ক্রিকেটের এক নির্ভরতার নাম আজিঙ্কা রাহানে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এবার সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান তিনি।
২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। পরে ওয়ানডে ও ২০১৩ সালে টেস্ট দলে জায়গা করে নেন। ধীরে ধীরে বিদেশের মাটিতে ভারতের অন্যতম ভরসার ব্যাটারে পরিণত হন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো, প্রতিটি জিনিসেরই একটি শুরু এবং শেষ আছে। যখন সময় আসে, তখন আমাদের কেবল তাকে সম্মান করে সামনে এগিয়ে যেতে হবে। আমি আমার ব্যাটিংয়ে সবসময় সময়ের সঠিক ব্যবহারের ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময় বুঝেছি। আজ আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এবং অবসরের ঘোষণা দেওয়ার সঠিক সময় এটাই।’
ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ৫ হাজার ৭৭ রান করার পাশাপাশি করেছেন ১২টি সেঞ্চুরি, যার ৮টিই বিদেশের মাটিতে। ওয়ানডেতে তার সংগ্রহ ২ হাজার ৯৬২ রান। জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে।
রাহানের অবসরে প্রতিক্রিয়া জানিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিঙ্কা নায়েক বলেন, ‘আজিঙ্কা রাহানের অবসর ভারতীয় ক্রিকেটের একটি অসাধারণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। তার নিষ্ঠা, চাপের মুখেও শান্ত থাকা এবং শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিশ্রুতি তাকে মুম্বাই ক্রিকেটের অন্যতম সেরা দূত করে তুলেছে। তার এই উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’