বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত কাজ শুরুর নির্দেশনাও দিয়েছেন তামিম।
বোর্ড সভার পরদিনই বৃহস্পতিবার বিকেলে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতির। সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। তামিমের সঙ্গে এই সফরে থাকছেন বিসিবির গ্রাউন্ডস ও এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই সফর। বিসিসিআইয়ের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধা সরেজমিনে পরিদর্শন করে সেই অভিজ্ঞতা বাংলাদেশের প্রকল্পে কাজে লাগাতে চায় বিসিবি।
তবে সফরের সময় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।