কাশ্মীরের বারামুলা থেকে ভারতের জাতীয় দলের দরজা! পথটা মোটেও সহজ ছিল না আকিব নবী দারের জন্য। শ্রীনগর থেকে ৫০ কিলোমিটারেরও বেশি দূরের এই জনপদে ক্রিকেটের সুযোগ-সুবিধা ছিল সীমিত। শীত নামলেই বন্ধ হয়ে যেত খেলা, অনেক সময় অনুশীলনের জন্য মিলত না একটি ভালো মাঠও। সেই প্রতিকূলতা পেরিয়েই আজ তিনি দাঁড়িয়ে ভারতের টেস্ট দলের সামনে।
ছোটবেলায় ক্রিকেট নয়, ফুটবলই ছিল নবীর প্রথম ভালোবাসা। কিন্তু ধীরে ধীরে জোরে বল করার আকর্ষণ তাকে টেনে আনে ২২ গজের ক্রিকেটে। সরকারি স্কুলশিক্ষক বাবার সন্তান নবীর সামনে পথটা মোটেও সহজ ছিল না। ২০১৬-১৭ সালে বারামুলার এক টেনিস বল ক্রিকেট ম্যাচে তার প্রতিভা নজরে পড়ে। এরপর সুযোগ পান স্থানীয় বিসিসি রেডস ক্লাবে। শুরুতে ব্যাটিং অলরাউন্ডার হলেও কঠোর পরিশ্রমে নিজেকে রূপ দেন একজন ভয়ংকর পেসারে।
২০১৯-২০ মৌসুমে জম্মু ও কাশ্মীরের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় নবীর। প্রথম ম্যাচেই দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জানান দেন নিজের আগমনের। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে হয়ে ওঠেন দলের অন্যতম ভরসা।
২০২৫-২৬ রঞ্জি মৌসুম ছিল নবীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়। ১৭ ইনিংসে ৬০ উইকেট নিয়ে বনে যান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ও সেরা খেলোয়াড়। বাংলার বিপক্ষে সেমিফাইনালে ৯ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরকে প্রথমবার রঞ্জি ফাইনালে তোলেন। পরে ফাইনালে ৫ উইকেট নিয়ে এনে দেন দলের ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা।
গত দুই মৌসুমে ১০৪ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে ১৬২ উইকেট; নবীর পরিসংখ্যানই তার যোগ্যতার প্রমাণ। ২০২৫ সালের দুলীপ ট্রফিতে টানা চার বলে চার উইকেট নিয়ে নিজের নাম লেখান ইতিহাসের পাতায়।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে নিজেদের করে নেয়। এরপর ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে নজর কাড়ার পর আসে সেই কাঙ্ক্ষিত ডাক। জাসপ্রিত বুমরাহ চোটের কারণে ছিটকে গেলে তার জায়গায় টেস্ট দলে সুযোগ পান ২৯ বছর বয়সী এই পেসার।
পারভেজ রসুল ও উমরান মালিকের পর জম্মু-কাশ্মীর থেকে ভারতের সিনিয়র দলে জায়গা পাওয়া তৃতীয় ক্রিকেটার আকিব নবী। তবে লাল বলের ক্রিকেটে তিনিই প্রথম। টেস্ট অভিষেক হলে ইতিহাস গড়বেন তিনি, হবেন জম্মু-কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার।
একসময় যে ছেলেটির অনুশীলনের জন্য ছিল না পর্যাপ্ত মাঠ, সেই আকিব নবী এখন ভারতের সাদা পোশাকে নামার অপেক্ষায়। তার গল্পটা শুধু ক্রিকেটের নয়, স্বপ্ন আর সংগ্রামেরও।