বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান দিন দিন আরও নড়বড়ে হয়ে উঠছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর একের পর এক সমর্থন হারাচ্ছেন তিনি। শুধু উয়েফাই নয়, বিভিন্ন কনফেডারেশন ও সদস্য দেশও তার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর দাবি, নিজের অবস্থান টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছিলেন ইনফান্তিনো। তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি তিনি। একইভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে রুবিওর দপ্তরও জানিয়ে দেয়, ইনফান্তিনোর সঙ্গে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই।
এদিকে ইনফান্তিনো পদ না ছাড়লে ফিফার বিকল্প হিসেবে ‘গ্লোবাল নেশন্স লিগ’ আয়োজনের পরিকল্পনা করছে উয়েফা। ইউরোপীয় ফুটবল সংস্থাটির বক্তব্য, বিশ্ব ফুটবলের স্বার্থে ইনফান্তিনোর সরে যাওয়া প্রয়োজন।
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করলেও আস্থার সংকট কাটাতে পারেননি ফিফা সভাপতি। ইতোমধ্যে ওয়েলস তাকে দেওয়া সমর্থন প্রত্যাহার করেছে। ইংল্যান্ডও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।