ফুটবল মাঠের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করা লিওনেল মেসি এবার আলোচনায় এসেছেন মানবিক এক উদ্যোগের কারণে। স্পেনের রাজধানী মাদ্রিদের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মেসির এই সহায়তা পুনর্গঠন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাদ্রিদবাসী তাকে যথাযথ সম্মান জানাতে মুখিয়ে আছে।
গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম এখনো চলছে। বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস, বন বিভাগ ও পরিবেশ রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক এলাকার বাসিন্দাদের এখনো বাড়ি ফিরতে দেওয়া হয়নি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।