ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে মরক্কোর রাজধানী রাবাতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, আগামী বছরের সভাপতি নির্বাচন সামনে রেখে সদস্যদেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন ইনফান্তিনো। তবে এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছে। এমনকি দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবও এখনো আনুষ্ঠানিক সমর্থন জানায়নি।
এদিকে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, পুনর্নির্বাচনে সমর্থন দিলে জর্ডানের বিভিন্ন ফুটবল সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল, যা তিনি ‘ব্ল্যাকমেল’ বলে অভিহিত করেছেন।
ফিফার ভেতর থেকেও বাড়ছে অস্বস্তি। আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না। অন্যদিকে মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমও সাম্প্রতিক ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। এরই মধ্যে উয়েফার কয়েকটি সদস্যদেশ ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থনও প্রত্যাহার করেছে।