ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ লড়াইয়ের মঞ্চ তৈরি করেছিলেন। আর বল হাতে সেই লড়াইকে আরও জমিয়ে তুললেন বাংলাদেশের পেসাররা। ব্যাটিং বিপর্যয় সামলে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৩ রানের সংগ্রহ গড়ার পর ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে চাপে ফেলেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ইনিংসে ৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১২ রান। ৬ বলে ৩ রানে অপরাজিত আছেন কার্টিস প্যাটারসন, আর জস ফিলিপ খেলছেন ৮ বলে ৮ রানে।
বাংলাদেশের হয়ে বল হাতে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করা স্যাম কনস্টাসকে ক্যাচে পরিণত করেন তিনি। পরের ওভারেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন আরেক ওপেনার ক্যাম্পবেল কেলাওয়েকে, যিনি রানের খাতাই খুলতে পারেননি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৭ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সাদমান ইসলাম ৩১ রান করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। এরপর মিডল অর্ডারে ব্যর্থ হন মুমিনুল হক (১৬), মুশফিকুর রহিম (০) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭)। তরুণ অমিত হাসানও ১৫ রান করে বিদায় নিলে বড় বিপদে পড়ে সফরকারীরা।
সেখান থেকেই একাই প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে সৌম্য সরকারের সঙ্গে ৪৮ রানের জুটি, পরে তাইজুল ইসলাম ও শেষদিকে খালেদ আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি।
শেষ পর্যন্ত ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। তার অনবদ্য সেঞ্চুরিতেই ৭৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৬৩ রান তোলে বাংলাদেশ।
এখন ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে বাংলাদেশের লক্ষ্য দ্রুত আরও উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বড় জুটি গড়ার সুযোগ না দেওয়া।