চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়ানো নিয়েই বড় অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টটি আয়োজনের আগে আরও গোছানো পরিকল্পনার ওপর জোর দিতে চান তিনি।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল নিয়ে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’
বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য।’
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল না হলে নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।’
ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। তামিম বলেন, ‘মোটামুটি ভালোই হয়েছে। আমরা আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে। তৃতীয় বিভাগ হয়েছে। নতুন মৌসুম শুরু হয়ে যাবে। দ্বিতীয় বিভাগে দলগুলো অংশগ্রহণ করেনি, সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলবো।’
সূত্র - সমকাল