বয়স মাত্র ১৫। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে তার বয়সটাই যেন ভুলে যেতে হচ্ছে ক্রিকেট বিশ্বকে। ভারতের এই কিশোর ব্যাটারের আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করেছে অনেককেই। তবে তার বয়স নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির কাছেও বিষয়টি বিস্ময়ের। তবে বৈভবের বয়স নিয়ে কোনো সংশয় নেই তার। বরং এত কম বয়সে পেস বোলিংয়ের বিপক্ষে বৈভবের সাহসী ব্যাটিংকেই বড় বিস্ময় মনে করছেন তিনি।
ব্রেট লি বলেছেন, ‘বৈভব অবিশ্বাস্য ক্রিকেটার। ভারতের বাইরে সবাই জানতে চায়, ওর বয়স সত্যিই ১৫ কি না। ওর বয়সই সম্ভবত এখন ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত বিষয়। আমি কিন্তু বৈভবের বয়স নিয়ে একদমই চিন্তিত নই। ওর বয়স সত্যিই ১৫ হলে তো দারুণ ব্যাপার। যদি ১৭ বা ১৮ হয়, তাতেই বা কী যায় আসে। ছেলেটা ক্রিকেটটা খেলতে পারে, এটাই মুখ্য ব্যাপার।’
বৈভবকে ভারতের জন্য ‘দুর্দান্ত আবিষ্কার’ বলেও উল্লেখ করেছেন ব্রেট লি। তার মতে, বয়স নিয়ে আলোচনা না করে এই কিশোরের ব্যাটিং নিয়েই বেশি কথা হওয়া উচিত। কারণ অল্প বয়সেই যে পরিপক্বতা ও সাহস দেখাচ্ছেন বৈভব, সেটিই আসল চমক।
ব্রেট লি বলেন, ‘বৈভব অল্প সময়ের মধ্যেই আইপিএল মাতিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রান করেছিল। অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু খারাপ বল করেনি। বৈভব আসলে ভালো বলগুলোও হুক করছিল!’