ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছেন ফিফার বিতর্কিত সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার পাশ থেকে সরে দাঁড়িয়েছে ২০২৬ বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। সোমবার এক যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ফুটবল, কানাডা ফুটবলসহ তিনটি আঞ্চলিক ফুটবল সংস্থা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বজুড়ে আমাদের সহকর্মীদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমরা এমন অর্থবহ পরিবর্তন চাই, যা ফিফার শাসন ব্যবস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা মজবুত করবে।’ এই অবস্থানের কারণে বিশ্বকাপের তৃতীয় আয়োজক দেশ মেক্সিকোর থেকেও আলাদা অবস্থানে চলে গেল যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকো অবশ্য এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন দিয়ে আসছে।
বেশ কিছুদিন ধরেই চাপের মধ্যে রয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগ সংগ্রহে নতুন একটি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। পরে সেই পরিকল্পনা স্থগিত করে ফিফা।
শনিবার ফিফা পাল্টা বিবৃতিতে দাবি করে, কিছু মানুষ ফিফা ও ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু সোমবার পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ার এএফসি একসঙ্গে প্রকাশ করা এক চিঠিতে জানায়, ফুটবল কোনো এক ব্যক্তির সম্পত্তি নয়। চিঠিতে তারা লিখেছে, ‘নেতৃত্ব কোনো সম্পত্তি নয়। এটা ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতা দাবি করার বিষয় নয়।’
ফলে বিশ্বকাপের দুই আয়োজক দেশের এমন অবস্থান এবং প্রভাবশালী তিন কনফেডারেশনের বার্তায় ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল। বিশ্ব ফুটবলের শীর্ষ পদে তার নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া প্রশ্ন এখন আরও জোরালো হয়ে উঠছে।