গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর ধরে বন্ধ ছিল ফিলিস্তিনের ফুটবল লিগ। দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও মাঠে ফিরতে যাচ্ছে দেশটির ফুটবল। সোমবার রামাল্লায় সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবলসহ ক্রীড়া কার্যক্রম।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজউব বলেন, ‘আমরা ঘোষণা করছি, ৪ সেপ্টেম্বর থেকে ক্রীড়া কার্যক্রম এবং ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ আবার শুরু হবে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধে বন্ধ হয়ে যায় ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এবার সেই শূন্যতা কাটিয়ে প্রথম টুর্নামেন্ট হিসেবে আয়োজন করা হচ্ছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। যুদ্ধে প্রাণ হারানো ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদকে স্মরণ করেই টুর্নামেন্টটির এমন নাম দেওয়া হয়েছে।
টুর্নামেন্টে দুইশর বেশি ক্লাব অংশ নেবে। এর মধ্যে পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে ৩৬টি ক্লাব অংশ নেবে। তিন অঞ্চলেই একই সময়ে শুরু হবে প্রতিযোগিতা।
রাজউব বলেন, ‘যুদ্ধ সব ফিলিস্তিনির জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে আমাদের প্রতিযোগিতা এবং কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা ফিলিস্তিনি জাতীয় ইচ্ছাশক্তি হারাইনি। আমরা বিশ্বাস হারাইনি যে খেলাধুলা আশা এবং জীবনের প্রতীক হয়েই থাকবে।’
তবে দীর্ঘ যুদ্ধের প্রভাব পড়েছে ফিলিস্তিনি ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলোর অর্থনীতিতেও। তাই ফিফা ও অন্যান্য ফুটবল ফেডারেশনকে ফিলিস্তিনি ক্রীড়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাজউব। তার মতে, খেলোয়াড় ও শিশুদের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে খেলাধুলার অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য।