ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব কখনোই ছিল ৩না। তবে বৈভব সূর্যবংশীর মতো এত কম বয়সে এত দ্রুত আলোচনায় উঠে আসার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সি গায়ে তুলে নতুন ইতিহাস গড়েছেন এই তরুণ ব্যাটার। শচীন টেন্ডুলকারের কম বয়সে অভিষেকের রেকর্ডও পেছনে ফেলেছেন তিনি।
মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পর এবার বৈভবের দিকে নজর পড়েছে করপোরেট দুনিয়ারও। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফরম্যান্সের পর একের পর এক বড় ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছে। এমনকি প্রতিটি বিজ্ঞাপনী চুক্তির জন্য এক কোটি রুপির বেশি পারিশ্রমিক চাইছেন বলেও জানা গেছে।
সব মিলিয়ে মাত্র ১৫ বছর বয়সেই বৈভবের সম্পদের পরিমাণ আনুমানিক ৭ থেকে ১০ কোটি রুপি বলে দাবি করা হচ্ছে। আইপিএলের পারিশ্রমিক, ম্যাচ ফি, ঘরোয়া ক্রিকেটের আয় এবং বিভিন্ন স্পন্সরশিপ থেকেই আসছে এই অর্থ।
কৈশোর পেরোনোর আগেই এমন বাণিজ্যিক ব্যস্ততা অবশ্য বৈভবের পরিবারের জন্যও চিন্তার বিষয়। অতিরিক্ত প্রচারণা থেকে তাকে দূরে রাখতে চাইলেও বাজারে তার চাহিদা থামছে না। ইতিমধ্যে অন্তত পাঁচটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে এই তরুণ ক্রিকেটারের।
এর মধ্যে স্পোর্টস সরঞ্জাম ব্র্যান্ড এসএস ব্যাটসের সঙ্গে বছরে প্রায় ৫০ লাখ রুপির চুক্তি করেছেন বৈভব। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজারে এসেছে বিশেষ ‘বৈভব সূর্যবংশী এডিশন’ ব্যাটও। পুষ্টি পানীয় ব্র্যান্ড কমপ্ল্যান, গুগল পে ও রেড বুলের প্রচারণাতেও দেখা গেছে তাকে।
এর পাশাপাশি ঝাড়খণ্ডের স্বাস্থ্য অধিদপ্তরও তরুণদের ফিট ও সুস্থ থাকার বার্তা দিতে বৈভবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। অর্থাৎ ২২ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি মাত্র ১৫ বছর বয়সেই বিজ্ঞাপনের দুনিয়াতেও নিজের জায়গা করে নিচ্ছেন বৈভব।