আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন মিশরের কোচ হোসাম হাসান। এবার বিশ্বকাপের প্রায় দেড় মাস পর আবারও আলোচনায় তিনি, তবে এবার পারিবারিক বিবাদে জড়িয়ে।
স্কাই নিউজ অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, মিশরের উত্তর উপকূলে একটি হোটেলে বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে সময় কাটাচ্ছিলেন হোসাম। সেখানে হঠাৎ তার সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হোসামকে চেয়ার থেকে টেনে তুলে তাদের সঙ্গে যেতে বলা হয়। এরপরই শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম ও হুবাইদার মেয়ের মধ্যেও কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। পরে এতে আরও কয়েকজন জড়িয়ে পড়েন।
ড্যান অ্যাডামের দাবি, তাকে গরম কফি ছুড়ে মারা হয়, এরপর থাপ্পড় ও ঘুষি মারা এবং চুল টানাটানিও করা হয়। দুই পক্ষের বিবাদের মধ্যে পড়ে পরিস্থিতি সামলাতে না পেরে একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান হোসাম।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা পুলিশ স্টেশনে অভিযোগ জমা দিলেও পরে তা স্বেচ্ছায় তুলে নেন। এ ঘটনায় হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান।