ইন্টার মায়ামির সময়টা যেন ব্যর্থতার বৃত্তেই আটকে গেছে। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে লিওনেল মেসির দল। টরন্টো এফসির বিপক্ষে মেসি মৌসুমের ১৪তম গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ঘরের মাঠে ১-২ গোলে হেরেছে মায়ামি।
নু স্টেডিয়ামে পুরো ম্যাচে দাপট দেখিয়েও গোলের দেখা পেতে মায়ামিকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। রদ্রিগো ডি পলের থ্রু বল পেয়ে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন মেসি। তবে শেষ দিকে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।
এর আগে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। এই জয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচে টরন্টোর জয় হলো পাঁচটি।
লিগস কাপের প্রথম পর্বে টানা দুই হারের পর এক সপ্তাহ আগে ন্যাশভিলে এসসির কাছেও ৪-১ গোলে হেরেছিল মায়ামি। মাঝে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসির গোলে পরাজয়ের ধারা থামিয়েছিল তারা। তবে এমএলএসে মায়ামির সর্বশেষ জয় প্রায় এক মাস আগে।
টরন্টোর কাছে হারের পর ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে মায়ামি। দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও শীর্ষ চার নিশ্চিত করা এবং প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা ধরে রাখতে এখন পেছনের দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে গত মৌসুমের এমএলএস কাপজয়ীদের।