অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারও টেস্ট র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়ার পথে বাধা হতে পারেনি। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
আইসিসির ওয়েবসাইট অনুযায়ী, তিন ধাপ এগিয়ে ২৪ ম্যাচে ১ হাজার ৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। এর আগে ২০২৪ সালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিল বাংলাদেশ।
বাংলাদেশের উন্নতির কারণে এক ধাপ করে পিছিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা সপ্তম, পাকিস্তান অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে রয়েছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১২৬। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড শীর্ষ পাঁচে অবস্থান করছে।
অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করাই বাংলাদেশের রেটিংয়ে বড় উন্নতির মূল কারণ। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ৬৪ রানে গুটিয়ে দেওয়ার পর ইনিংস ও ৫১ রানে ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করে স্বাগতিকরা। হারের হতাশার মধ্যেও তাই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য এলো বড় সুখবর।