টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি এখন বেশ চোখে পড়ার মতো। দেশের বাইরেও লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে তারা। সম্প্রতি ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিশ্বাস করেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পারফরম্যান্সই প্রমাণ করেছে বিদেশের মাটিতেও শক্তিশালী দলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা বাংলাদেশের আছে। ডারউইনে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ ১-১ এ শেষ করে তারা।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ব্যাটারদের জন্য কঠিন উল্লেখ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে। সফরের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি হলো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচে পড়ে সুইংই শুধু করে না, পাশাপাশি সিম মুভমেন্টও করে। খুব বেশি খেলোয়াড় এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নন। এর সামাল দেওয়া সত্যিই বেশ কঠিন।’
এমন কন্ডিশনে ব্যাটারদের সক্রিয় থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের সিমিং কন্ডিশনে এটাই আপনাকে করতে হবে। শুধু স্টাম্প ঢেকে রেখে সারাদিন টিকে থাকলেই হবে না। অবশ্যই আপনাকে সক্রিয় হতে হবে।’
আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে। প্রথম টেস্ট জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে শুরু হবে ২৩ নভেম্বর।