ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে দলের ব্যর্থতার মাঝেও জোড়া সুখবর পেয়েছেন শরীফুল ইসলাম। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে আইসিসির র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই বাঁহাতি পেসার।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন শরীফুল। তার রেটিং পয়েন্ট ৪০৩। ম্যাকাই টেস্টে ৪৮ রানে ৭ উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন তিনি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও ১৩ ধাপ এগিয়ে ৭০ নম্বরে উঠেছেন শরীফুল। ম্যাকাইতে বাংলাদেশের প্রথম ইনিংসে ৬৪ রানের মধ্যে ১১ নম্বরে নেমে তার ১৪ রানই ছিল দলের সর্বোচ্চ।
সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় ৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা ও দুইয়ে মার্কো ইয়ানসেন নিজেদের অবস্থান ধরে রেখেছেন। এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছেন প্যাট কামিন্স, আর আটে নেমেছেন গাস অ্যাটকিনসন।
ডারউইনে বাংলাদেশ জিতলেও ম্যাকাইতে সহজ জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া।