অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি। রোববার পশ্চিম লন্ডনের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩৩ বছর বয়সী মার্টিনেজকে নিতে প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি।
চেলসিতে যোগ দিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন মানুষ যে প্রতিটি কাজে জয়ী হতে চায় এবং এই ফুটবল ক্লাবেও সেই মানসিকতা নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব যারা শিরোপা জেতে, তাই আমার মনে হয় এটি একটি দারুণ সমন্বয় হবে।’
২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ২৫৬ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। ভিলার হয়ে ছয় বছর কাটিয়ে এবার নতুন ঠিকানা বেছে নিলেন তিনি। চলতি মাসের শুরুতে ভিলা পার্মা থেকে জাপানের আন্তর্জাতিক গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভেড়ানোর পরই মার্টিনেজের বিদায়ের পথ আরও পরিষ্কার হয়।
চেলসিতে মূল গোলরক্ষকের জায়গার জন্য রবার্ট সানচেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মার্টিনেজকে। ২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে আসার পর সানচেজই ছিলেন চেলসির প্রথম পছন্দ।
আর্জেন্টিনার হয়ে মার্টিনেজের সাফল্যও কম নয়। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।