মাঠে রান বা উইকেটের হিসাব নয়, এবার সৌম্য সরকারের জীবনে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটসম্যান জানালেন, তিনি ও তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ অপেক্ষায় আছেন প্রথম সন্তানের। অর্থাৎ ক্রিকেটারের পরিচয়ের বাইরে সৌম্য এখন প্রস্তুত হচ্ছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য।
গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করে সৌম্য শুধু লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’ কিন্তু সেই একটি ছবিই বলে দিয়েছে অনেক কিছু। কালো টি–শার্ট ও ক্যাপে সৌম্যের লেখা ছিল ‘Dad’, আর পাশে প্রিয়ন্তীর ক্যাপে ‘Mom’। প্রিয়ন্তীর হাতে থাকা ছোট্ট শিশুর মোজা যেন নীরবে ঘোষণা করে দিল, পরিবারে আসছে নতুন অতিথি।

২০২৩ সালে দীর্ঘদিনের সম্পর্কের পর প্রিয়ন্তী দেবনাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য সরকার। ক্রিকেট ক্যারিয়ারে সময়ের সঙ্গে লড়াই, ফর্মের ওঠানামা–সবকিছুরই সাক্ষী তারা। তবে ব্যক্তিগত জীবনে এই মুহূর্তটি তার জন্য নিঃসন্দেহে সবচেয়ে উজ্জ্বল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পরপরই সতীর্থ ক্রিকেটার, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
ঘনিষ্ঠজনদের ভাষ্য, সন্তান আগমনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও বিপিএল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সৌম্য এখনও সক্রিয়। এমন এক সুখবর মাঠের বাইরে তার জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ব্যাটে-বলে নয়, জীবনের এই নতুন ভূমিকায় সৌম্য সরকার কতটা সফল হবেন—সেই অপেক্ষাতেই এখন তার ভক্তরা।